নিজস্ব প্রতিবেদক :
রাজধানীতে স্ত্রীকে কর্মস্থলে পৌঁছে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে সাবজাল হোসন (৪০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। মালিবাগে ভোর ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের আত্মীয় মানিক জানান, সাবজালের স্ত্রী নার্গিস বেগম অন্যের বাসায় কাজ করেন। সাবজাল দিনমজুরের কাজ করেন। ভোরে তাকে কাজের জন্য রাস্তায় এগিয়ে দিতে যান সাবজাল। ফেরার পথে মালিবাগে রাস্তা পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে সকাল ৯টার দিকে মৃত্যু হয়।
তিনি আরো জানান, সাবজাল ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াটুলা বাজার গ্রামের মৃত কবির হোসেনের ছেলে। বর্তমানে মগবাজার ওয়ারলেস গেইট সংলগ্ন বস্তিতে ভাড়া থাকতেন। তার এক ছেলে ও এক মেয় রয়েছে।
এদিকে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
Leave a Reply