জবি প্রতিনিধি :
চলতি মাসে আত্মহত্যা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া মেহজাবিন স্বর্ণা। গত ২০ অক্টোবর সকালে সাতক্ষীরা জেলার পলাশ পোল মধুমোল্লার ডাঙ্গী গ্রামে নিজ বাড়ি থেকে স্বর্ণার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে স্বর্ণার আত্মহত্যার নেপথ্যে কোনো কারণ জানা যায়নি। তবে ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক আয়েশা সালেহ অ্যাসাইনমেন্ট নিয়ে চাপ দেওয়া এবং নম্বর কম দেওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে স্বর্ণা আত্মহত্যা করেছে বলে ঢালাওভাবে প্রচার করা হচ্ছে।
তবে বিষয়টিকে সম্পূর্ণ উদ্দেশ্যেপ্রণোদিত ও ভুল বলে দাবি করেছেন সেই শিক্ষক। পাশাপাশি বিভাগের শিক্ষার্থীদের দাবি, আয়েশা সালেহ শিক্ষক হিসেবে ছিলেন বন্ধুসুলভ। বিষয়টি অতিরঞ্জিত করে তাকে ভুক্তভোগী বানানো হয়েছে।
এদিকে যাচাই-বাছাই না করেই বিষয়টি নিয়ে বেশ কয়েকজন শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢালাওভাবে লেখালেখি করেছেন। এছাড়া কিছু অনলাইন পোর্টালে উদ্দেশ্যে প্রণোদিতভাবে নিউজ করায় মানসিকভাবে ভেঙে পড়েছেন সেই শিক্ষক।
জানা যায়, স্বর্ণার আত্মহত্যার পর তার বোন সাদিয়া মেহজাবিন সাথী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে লিখেন,‘আর কত? আর কত? সবচেয়ে পরিশ্রমী, মেধাবী বাচ্চাটা সবচেয়ে কম নম্বর কী করে পায়? ২ মাস আগে জমাকৃত অ্যাসাইনমেন্ট কিভাবে হারিয়ে ফেলে? আর সেটা জমা দেওয়ার জন্য কিভাবে ৩০ মিনিট সময়কে যথার্থ মনে করা হয়? আমার বাইকার, স্পিকার, স্বতঃস্ফূর্ত বাবুটা কিভাবে নিশ্চুপ হয়ে গেলো? জবাব চাই।’
তবে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হলে পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকটি পোস্টের মাধ্যমে স্বর্নার বোন লিখেন, আমার ও আমার পরিবারের প্রতি কারও কোনো ক্ষোভ নেই। আমরা বাবুসোনার (স্বর্ণা) পরিণতির জন্য কাউকে দায়ি করছি না। আমরা সরাসরি কোনো ম্যামের নাম বলিনি; তাও আয়েশা সালেহ ম্যামের নাম ছড়িয়েছে।
অপরদিকে স্বর্ণার আত্মহত্যার ঘটনায় সহকারী অধ্যাপক আয়েশা সালেহের নাম জড়ানোর পর থেকেই ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এর প্রতিবাদ জানিয়ে বিভিন্ন পোস্ট দিতে থাকেন।
এবিষয়ে সহকারী অধ্যাপক আয়েশা সালেহ বলেন, সুমাইয়া মেহজাবিন স্বর্ণার আত্মহত্যার ঘটনায় আমাকে জড়িয়ে কিছু অনলাইন পোর্টালে ভিত্তিহীনভাবে রিপোর্ট প্রকাশিত হওয়ার পর আমি নিজেই এক প্রকার মানসিক ট্রমার মধ্য দিয়ে যাচ্ছি৷ রিপোর্টে দুই মাস আগে যে অ্যাসাইনমেন্টের কথা বলা হয়েছে, সেটি কোনো অ্যাসাইনমেন্ট ছিলনা৷ সেটি ছিল ২০ মার্কের মিডটার্ম পরীক্ষা। পরীক্ষার খাতা জমা দেওয়ার নির্দেশনা অনুযায়ী প্রায় সকল শিক্ষার্থীই খাতা ক্যামস্ক্যানার দিয়ে স্ক্যান করে অথবা ছবি তুলে ফাইল অ্যাটাচ করে ই-মেইলে পাঠিয়েছে।
তিনি বলেন, স্বর্ণাসহ কিছু শিক্ষার্থী শুধুমাত্র ক্যামস্ক্যানার লিংক মেইল করে পাঠিয়েছিল যা অনেকবার চেষ্টা করেও ওপেন করা সম্ভব হয়নি। খাতা হারানোর বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। যেহেতু মেইলের লিংক ওপেন হয়নি তাই সি আরের মাধ্যমে সেসব শিক্ষার্থীদেরকে পুনরায় খাতা ফাইল করে ৩ অক্টোবর রাতের মধ্যে পাঠাতে বলা হয়েছিল। স্বর্ণাসহ সব শিক্ষার্থী নির্ধারিত সময়েই পুনরায় ফাইল পাঠিয়েছিল। সেখানে স্বর্ণা ১০ নাম্বারের একটিমাত্র প্রশ্নের উত্তর দিয়ে ৮ নম্বর পেয়েছে। যা স্বাভাবিকভাবেই ভালো নাম্বার হিসেবেই ধরা হয়।
জানা যায়, অ্যাসাইনমেন্টের ফলাফল প্রকাশিত হয়েছে ৪ অক্টোবর। স্বর্ণার একাধিক ক্লাসমেট জানায়, অ্যাসাইনমেন্ট নিয়ে ম্যাম স্বর্ণাকে কোনো প্রকার চাপ প্রয়োগ করেননি।
Leave a Reply