জাবি প্রতিনিধি :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা চলছে। রোববার সকাল ৯টায় বি ইউনিটের অধীনে সমাজবিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা শুরু হয়।
এর আগে গত ৯ ও ১০ নভেম্বর ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে ১১ নভেম্বর ‘জি’ এবং ‘এইচ’ ইউনিটের পরীক্ষা হয়। এই তিনটি ইউনিটের ফলাফলও প্রকাশ করা হয়েছে।
দুইদিন বিরতির পর রোববার বি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়। মোট পাঁচটি শিফটে এই ইউনিটের পরীক্ষা সম্পন্ন হবে। পরীক্ষা শেষ হবে বিকেল চারটায়।
৪৫ মিনিটের এ পরীক্ষায় ভর্তিচ্ছুদের ৬০টি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান এক। তবে এই ৬০ নম্বরকে আবার ৮০ নম্বরে রূপান্তর করা হবে। এর সঙ্গে ভর্তিচ্ছুদের এসএসসি ও এইচএসসির জিপিএর উপর আরো ২০ নম্বর যোগ হয়ে মোট ১০০ নম্বরের মূল্যায়ন করা হবে।
এবার করোনাভাইরাসের কারণে ভর্তি পরীক্ষার মূল্যায়নে পরিবর্তন আনা হলো। এর আগে ভর্তিচ্ছুদের ৫৫ মিনিটে ৮০টি প্রশ্নের উত্তর দিতে হতো।
এরপর ১৫ নভেম্বর ‘এফ’ ইউনিটের অধীনে আইন অনুষদ এবং ‘আই’ ইউনিটের অধীনে বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা হবে।
এছাড়া ১৬ নভেম্বর ‘ই’ ইউনিটের অধীনে বিজনেস স্টাডিজ অনুষদ, ‘সি-১’ ইউনিটের অধীনে কলা ও মানবিক অনুষদ (নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগ) এবং ১৮ নভেম্বর ‘সি’ ইউনিটের অধীনে কলা ও মানবিক অনুষদের ভর্তি পরীক্ষা হবে। এছাড়া ২১ ও ২২ নভেম্বর ‘এ’ ইউনিটের অধীনে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বছর ভর্তিচ্ছুদের মোট নয়টি ইউনিটের জন্য পৃথকভাবে ফরম পূরণ করতে হয়েছে। এক হাজার ৮৮৯ আসনের বিপরীতে তিন লাখ আট হাজার ৬০৬ আবেদন জমা পড়েছে। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৬৩ জন শিক্ষার্থী।
এর মধ্যে ‘এ’ ইউনিটে ৬৮ হাজার ২০২ জন, ‘বি’ ইউনিটে ৩৭ হাজার ৮৪৭ জন, ‘সি’ ইউনিটে ৪১ হাজার ৬৭৭ জন, ‘সি-১’ ইউনিটে ১০ হাজার ২৬৮ জন ভর্তি-ইচ্ছুক পরীক্ষায় অংশ নিতে আবেদন ফরম পূরণের প্রক্রিয়া সম্পন্ন করেছেন।
এছাড়া ‘ডি’ ইউনিটে ৬৯ হাজার ১২৯ জন, ‘ই’ ইউনিটে ১৮ হাজার ৩৩ জন, ‘এফ’ ইউনিটে ২৪ হাজার ৭৩ জন, ‘জি’ ইউনিটে ৮ হাজার ৮৬১ জন, ‘এইচ’ ইউনিটে ২৩ হাজার ২৪০ জন এবং ‘আই’ ইউনিটে ছয় হাজার ৭১০ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রামণ বিস্তারিত তথ্য জানা যাবে juniv-admission.org ওয়েবসাইটে।
Leave a Reply