বিনোদন প্রতিবেদক:
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় কিছুদিন আগে চাঁদপুর ঘুরে গেছেন। ফের ইলিশের রাজধানীখ্যাত এই জেলা শহরে যাবেন তিনি।
আগামীকাল (১৮ নভেম্বর) কৌশানী চাঁদপুর যাবেন বলে রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার হেড অব প্রোডাকশন অপূর্ব রায়।
পূজন মজুমদার পরিচালিত বাংলাদেশের ‘পিয়া রে’ সিনেমার দ্বিতীয় লটের শুটিংয়ে অংশ নিতে ঢাকা আসছেন কৌশানী। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের চিত্রনায়ক শান্ত খান।
কৌশানী চাঁদপুরের বিভিন্ন লোকেশনে সিনেমাটির দৃশ্যধারণে অংশ নেবেন। আগামী ৩ ডিসেম্বর শুটিং শেষে কলকাতা ফিরবেন এই নায়িকা। এর আগে তিনি বান্দরবানে শুটিং করবেন। কৌশানী ছাড়াও কলকাতার জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত, খরাজ মুখার্জিও এই সিনেমার শুটিংয়ে অংশ নেবেন বলে প্রযোজক সূত্রে জানা গেছে।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর চাঁদপুর গিয়েছিলেন কৌশানী। কলকাতা ফেরার সময় সঙ্গে ইলিশ মাছ নিয়ে গেছেন এই নায়িকা। বাড়ি ফিরে পরিবারের সবাইকে চাঁদপুরের পদ্মা-মেঘনার ইলিশ উপহার দিয়েছেন বলে জানান কৌশানী।
এর আগে শাপলা মিডিয়ার প্রযোজনায় কলকাতায় দুটি সিনেমার শুটিং শেষ করেছেন এই চিত্রনায়িকা। শামীম আহমেদ রনির পরিচালনায় দুটি সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন বনি সেনগুপ্ত।সিনেমা দুটি মুক্তির প্রতীক্ষায় আছে।
Leave a Reply