নিজস্ব প্রতিবেদক :
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক; ফাইল ছবি
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপি-জামায়াতরা বলছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করবে না। কিন্তু তারা বিভিন্ন কৌশলে নির্বাচনে অংশ গ্রহণ করেছে।
সোমবার ধানমন্ডি আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের সঙ্গে কেন্দ্রীয় কার্যনির্বাহীর যৌথ সভায় সভাপতির বক্তব্য তিনি এসব কথা বলেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে দেখলাম একজন নিজেকে স্বতন্ত্র প্রার্থী দাবি করছেন। আসলে তিনি বিএনপি জামায়াতের প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন। ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ একটি নির্বাচনী এলাকা। তাই নির্বাচনের জন্য আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে একটি কমিটি করে দিয়েছেন। যারা নির্বাচন পরিচালনা করবে।
তিনি বলেন, আমাদের নেত্রী আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী নির্ধারণ করা হয়েছে। নেত্রী যাকে মনোনয়ন দিয়েছে তাকে নির্বাচিত করাই আমাদের একমাত্র দলীয় আদর্শ ও লক্ষ্য। মনে রাখতে হবে আমাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে, কিন্তু নেতিবাচক আলোচনা সৃষ্টি করে নয়। আওয়ামী লীগ দায়িত্বশীল নেতাকর্মীদের কাছ থেকে অদায়িত্বশীল কথাবার্তা পছন্দ করে না।
যৌথসভা চলাকালীন সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের মুঠো ফোনে কল দিয়ে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সবাইকে একযোগে নৌকার পক্ষে কাজ করার নির্দেশনা দেন।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া,ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপ দপ্তর সায়েম খান, সদস্য মারুফা আক্তার পপি প্রমুখহ অনেকেই।
Leave a Reply