নিজস্ব প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের পক্ষ থেকে রাজধানীর ধানমণ্ডিতে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। পরে আগারগাঁও জাতীয় সংসদ সচিবালয় আবাসিক কমপ্লেক্সের শিশুদের কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশিত হয়। সেখানে শান্তির প্রতীক পায়রা ওড়ানো ও কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।
আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) জাতীয় সংসদ সচিবালয় আবাসিক কমপ্লেক্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তাতে অংশগ্রহণ করেন সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম, জাতীয় সংসদ সচিবালয় আবাসিক কমপ্লেক্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আসিফ হাসান, জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী ফোরামের সভাপতি এ কে এম জি কিবরিয়া মজুমদার, ফোরামের সহ-সভাপতি মো. তারিক মাহমুদ, উপসচিব এস এম মঞ্জুর, উপসচিব আব্দুল কাদের জিলানী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধু বাঙালি জাতির চিরন্তন প্রেরণার উৎস। রাজনীতিতে বঙ্গবন্ধু ছিলেন নীতি ও আদর্শের প্রতীক। তিনি স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছেন, মুক্তির স্বপ্ন দেখিয়েছেন। বাংলাদেশকে জানতে হলে বাঙালির মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে হবে, বঙ্গবন্ধুকে জানতে হবে। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সোনার বাংলা গড়ে তোলার কাজ করতে হবে।
Leave a Reply