নিজস্ব প্রতিবেদক:
বিজেপি নেতা ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে আওয়ামী লীগের বৈঠক। ছবি: বাসস
ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার নেতা পীযূষ গয়ালের সঙ্গে বৈঠক করেছে দেশটিতে সফররত আওয়ামী লীগের প্রতিনিধি দল। বৈঠকে ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও উন্নয়নমূলক বিষয়ে আলোচনা হয়।
গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন
মঙ্গলবার (৮ আগস্ট) সফররত আওয়ামী লীগ প্রতিনিধি দল ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার নেতা পীযূষ গয়ালের সঙ্গে পার্লামেন্ট কার্যালয়ে বৈঠক করেছে। বৈঠকে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও উন্নয়নমূলক বিষয়ে আলোচনা হয়।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বৈঠকে প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে ছিলেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। প্রতিনিধিদলের অপর সদস্যরা হলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, অরোমা দত্ত ও সংসদ সদস্য মেরিনা জাহান।
বৈঠকে গয়াল এ অঞ্চলের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির স্বার্থে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেন। তিনি আশা প্রকাশ করেন যে, রাজনৈতিক স্থিতিশীলতার মাধ্যমে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।
খাদ্যশস্য রপ্তানির ওপর ভারতের নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে দেশটির বাণিজ্যমন্ত্রী ও ক্ষমতাসীন বিজেপির রাজ্যসভার প্রভাবশালী এ নেতা প্রতিনিধি দলকে বলেন, খাদ্যশস্য রপ্তানিতে নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ যাতে ক্ষতিগ্রস্ত না হয় ভারত সক্রিয়ভাবে তা বিবেচনা করবে।
দ্বিপাক্ষিক বাণিজ্য ব্যবধান কমাতে ভারত যাতে বাংলাদেশ থেকে আরও পণ্য আমদানি করতে পারে, এজন্য তিনি প্রতিনিধিদলের সদস্যদের আরও পণ্যের নাম প্রস্তাব করার অনুরোধ জানান। এ প্রসঙ্গে বাংলাদেশের পক্ষ থেকে পচনশীল পণ্য রপ্তানির নিষেধাজ্ঞার বিষয়েও আলোচনা হয়।
ভারতের কেন্দ্রীয় মন্ত্রী প্রতিনিধিদলকে বলেন, ঘনিষ্ঠ প্রতিবেশী ও বন্ধু হিসেবে ভারত সব সময় বাংলাদেশকে বিশেষভাবে বিবেচনা করে।
‘বিজেপিকে জানুন’ কর্মসূচির অংশ হিসেবে দলটির আমন্ত্রণে আওয়ামী লীগের পাঁচ সদস্যের প্রতিনিধি দল নয়াদিল্লি সফর করছে।
বৈঠক শেষে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেন, আলোচনায় ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত বিষয় ছাড়াও বাংলাদেশের রাজনৈতিক ইস্যু উঠে এসেছে।
Leave a Reply