বিনোদন প্রতিবেদক:
সিয়াম আহমেদ, সাফা কবির, মুমতাহিনা টয়া, তৌসিফ মাহবুব ও তামিম মৃধা। পর্দার বাইরে তারা ভালো বন্ধু। পারিবারিক আয়োজন হলেই হরহামেশাই তারা হাসি-আড্ডায় মেতে ওঠেন। তবে গতকালের আয়োজন একটু বিশেষ; কারণ এতে বর সেজে বিয়ের সংবর্ধনা সেরেছেন তাদেরই বন্ধু ফারহান আহমেদ জোভান।
গত ১২ জানুয়ারি ঘরোয়া আবহে বিয়ে করেছেন জোভান। পাত্রীর নাম সাজিন আহমেদ নির্জনা। এবার জাঁকালো আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনা সম্পন্ন করেছেন জোভান-নির্জনা। সেটা হয়েছে কক্সবাজারের একটি রিসোর্টে। আর সেই আয়োজনেই মঞ্চে উঠে নেচেছেন সিয়াম-তৌসিফ-তামিমরা। ব্যাকগ্রাউন্ডে বেজেছে শাহরুখ খান অভিনীত ‘ডাঙ্কি’ সিনেমার গান ‘লুটপুট গায়া’।
মুহূর্তটি সামনে এনেছেন নায়ক সিয়াম। নিজের সোশ্যাল হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার দিয়ে তিনি লিখেছেন, ‘হঠাৎ নাচ, আমাদের ‘লুটপুট’ বন্ধুর জন্য।’
শুধু সিয়াম, তৌসিফ, তামিমই নন, তাদেরকে নাচে নেতৃত্ব দিয়েছেন জোভান। সেই গানে-নাচেই যেন মঞ্চের সামনে বসা প্রিয়তমা স্ত্রীর প্রতি ভালোবাসা নিবেদন করেছেন অভিনেতা।
এদিকে রবিবার (২১ জানুয়ারি) প্রথমবার স্ত্রীর চেহারা প্রকাশ্যে এনেছেন জোভান। সংবর্ধনা আসরে তোলা একটি ছবি শেয়ার করে লিখলেন, ‘বাকিটা আল্লাহ ভরসা।’ জোভান-নির্জনার ঘনিষ্ঠরাই শুধু কক্সবাজারের এই আয়োজনে যোগ দিয়েছেন।
Leave a Reply