নিজস্ব প্রতিবেদক:
নতুন শিক্ষাক্রম দেশীয় ও আন্তর্জাতিক বাজারের চাহিদা মেটাতে কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। রোববার সচিবালয়ে বাংলাদেশে এশীয় উন্নয়ন ব্যাংকের কান্ট্রি ডাইরেক্টর এডিমন গিনটিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল শিক্ষামন্ত্রীর সঙ্গে তার অফিসে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার গতানুগতিক শিক্ষাক্রমের পরিবর্তে একটি দক্ষতানির্ভর ও শিক্ষার্থীদের অংশগ্রহণভিত্তিক শিক্ষাক্রম চালু করেছে।’
এ সময় শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে এশীয় অঞ্চলের দেশগুলোর শিক্ষণ-শিখন অভিজ্ঞতা বিনময় করতে এডিবি ভূমিকা রাখতে পারে।’ সাক্ষাৎকালে এডিবি প্রতিনিধিদল বাংলাদেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, শিক্ষক প্রশিক্ষণ এবং শিক্ষার মানোন্নয়নে অধিক সহযোগিতার আশ্বাস দেন।
এডিবির পক্ষ থেকে বলা হয়, কারিগরি ও সাধারণ ধারার মধ্যে কার্যকর সমন্বয় সাধনের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ও গতিশীল শিক্ষা ব্যবস্থাপনা গড়ে তুলতে এশীয় উন্নয়ন ব্যাংক বাংলাদেশের পাশে থাকবে। এডিবির কান্ট্রি ডিরেক্টর বলেন, ‘বাংলাদেশের সম্ভাবনাময় মানব পুঁজিকে মানবসম্পদে রূপান্তর করতে নতুন শিক্ষাক্রম সাহায্য করবে।’
Leave a Reply