দিনাজপুর প্রতিনিধি,
দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের দায়ে আটকের ৫ ঘণ্টা পর বাংলাদেশি যুবক আল ইমরান রকিকে (২৬) ফেরত দেওয়া হয়েছে।
বৈঠকের পর রোববার (১৩ অক্টোবর) রাত ১১টার দিকে হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলার এর ১১ নম্বর সাবপিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্য রেখা দিয়ে ওই যুবককে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র কাছে হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
দেশে ফেরা আল ইমরান রকি রংপুর জেলার কোতোয়ালি থানার ধাববগিওয়ালাপারা গ্রামের গাজী বকুলের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যার দিকে হিলি সীমান্তের চেকপোস্ট গেট এলাকায় কিছু দর্শণার্থী দাঁড়িয়ে ছিল। এদের মধ্যে কেউ কেউ সেখানে দাঁড়িয়ে ভারতীয় প্রতিমা দেখার চেষ্টা করছিল। আবার কেউ কেউ সীমান্তে দাঁড়িয়ে নিজেদের ছবি তুলছিল। এর মাঝেই সীমান্তরক্ষী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এক যুবক সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলার এর ৯ ও ১০ নম্বর সাব পিলারের মাঝের এলাকা দিয়ে ভারতের দিকে দৌড় দেয়। এসময় বিজিবি সদস্যরা টের পেয়ে পিছু পিছু দৌড়ে ধরার চেষ্টা করেও ধরতে পারেনি। এর মধ্যেই সে সীমান্তের তারকাটা টপকে বাংলাদেশ থেকে ভারতে পার হয়ে যান। এসময় সীমান্তে দায়িত্বরত বিএসএফ সদস্যরা ভারত অভ্যন্তর থেকে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে কিছু বাংলাদেশি টাকা উদ্ধার করে বিএসএফ।
আটক যুবক আল ইমরান বলেন, রংপুর থেকে পূজা দেখতে হিলি সীমান্তে এসেছিলাম। ভারতের পূজা দেখার জন্য রেললাইন পার হয়ে ভারতে দৌড় দিয়েছি। এসময় বিএসএফ সদস্যরা আমাকে আটক করে তারপরে বিজিবির কাছে হস্তান্তর করে।
বিজিবির হিলি সিপি কোম্পানি কমান্ডার সুবেদার শাহাদত হোসেন বলেন, সন্ধ্যার দিকে এক যুবক দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যায়। বিজিবি সদস্য তার পিছে পিছে দৌড় দিয়ে ধরতে পারেনি। বিএসএফ সদস্যরা তাকে আটক করলে আমরা বাংলাদেশি যুবককে আমাদের কাছে ফেরত দিতে বিএসএফকে অনুরোধ জানাই। পরে এ নিয়ে দুই বাহিনীর মাঝে বৈঠক শেষে রাত ১১টার দিকে তাকে আমাদের কাছে হস্তান্তর করে। তাকে ক্যাম্পে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করবো কেন সে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়েছিল। এরপরে তার বিরুদ্ধে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে মামলা দায়েরের আগে হাকিমপুর থানায় সোপর্দ করা হবে বলেও জানিয়েছেন তিনি।
Leave a Reply