দিনাজপুর জেলা প্রতিনিধি,
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, দিনাজপুরে একসময় একটি চিনিকল ছিল, আজ সেটিও বন্ধ হয়ে গেছে। তবে শুধু দিনাজপুর নয়—রংপুর, কুষ্টিয়াসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে একসময় সমৃদ্ধ চিনিশিল্প ও পাটশিল্প ছিল। এসব শিল্প বিদেশি ষড়যন্ত্রে বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে বাংলাদেশ অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে পড়ে।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে দিনাজপুর ইনস্টিটিউট মাঠে গণঅভ্যুন্থানের আকাঙ্ক্ষায় নতুন বাংলাদেশ বিনির্মাণে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, আমরা তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে, নতুন রাজনৈতিক শক্তি হিসেবে দৃঢ়ভাবে বলতে চাই—এই বন্ধ হয়ে যাওয়া চিনিশিল্প ও পাটশিল্পগুলোকে পুনরায় চালু করতে হবে। কৃষিপ্রধান দেশ হিসেবে আমাদের কৃষকের স্বার্থ সর্বাগ্রে রাখতে হবে। এজন্য একটি নতুন ও যুগোপযোগী কৃষিনীতি প্রণয়ন করতে হবে, যাতে কৃষক লাভবান হন এবং কৃষিভিত্তিক অর্থনীতি আরও শক্তিশালী হয়।
তিনি বলেন, একই সঙ্গে আমাদের শিক্ষিত তরুণ সমাজের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। শিল্পাঞ্চল গড়ে তুলে, পরিকল্পিত অর্থনৈতিক অঞ্চল সৃষ্টি করে দেশের অর্থনীতিকে টেকসই ও গতিশীল করতে হবে।
তিনি আরও বলেন, গত ৫০ বছরে আমরা দেখেছি পুরোনো ধাঁচের রাজনীতি— দুর্নীতি, তোলাবাজি, লুটপাট ও দখলদারির রাজনীতি। সেই প্রথাগত রাজনীতি থেকে বেরিয়ে এসে আমরা স্পষ্টভাবে বলতে চাই, আগামীর বাংলাদেশে দুর্নীতি, দুঃশাসন ও দখলবাজির কোনো স্থান থাকবে না। রাজনীতিতে মাফিয়া বা দুষ্কৃতিকারীদের কোনো জায়গা থাকবে না।
Leave a Reply