নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড এখনও তৈরি হয়নি। আমরা কোনো অনাস্থা নিয়ে আসিনি। ইসির ওপর আমাদের আস্থা রয়েছে।’
তিনি বলেন, তফসিল ঘোষণা নিয়ে ইসির স্পষ্ট সিদ্ধান্ত জানতে চেয়েছিলাম। ভোটগ্রহণ কর্মকর্তা নিয়ে আলোচনা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার নিয়েও কথা হয়েছে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘প্রবাসী ভোটারের নিবন্ধন প্রক্রিয়াটি জটিল মনে করছে প্রবাসীরা। এটাকে আরও সহজ করার বিষয়ে আলোচনা হয়েছে। ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহারের বিষয়ে আলোচনা হয়েছে। ওনাদের পদক্ষেপ গ্রহণের জন্য বলেছি। ইসি আমাদের কিছু বলেনি। এর আগে তারা বলেছে এটি একটি ব্যয়বহুল প্রকল্প।’
জামায়াতের এই নেতা আরও বলেন, ‘একটি দল প্রচারে গিয়ে হামলার শিকার হচ্ছে। তফসিল হলে এগুলো নিয়ন্ত্রণের জন্য কী ধরনের ব্যবস্থা নেবে তা নিয়ে আলোচনা হয়েছে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনও নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। আমরা সুনির্দিষ্ট ঘটনা তুলে ধরেছি। কোনো কর্মকর্তা অনিয়ম করলে আমরা তুলে ধরব; ইসি বলেছে ব্যবস্থা নেবে।’
Leave a Reply