ক্রীড়া ডেস্ক :
বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সুপরিচিত ব্যক্তিত্ব, সাবেক অ্যাথলেট ও সংগঠক শামীমা সাত্তার মিমো আর নেই। শুক্রবার রাতে রাজধানীর নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ ও ভার্টিগো সমস্যায় ভুগছিলেন। তাঁর ইচ্ছা অনুযায়ী মরদেহ ঢাকা থেকে দিনাজপুরে নেওয়া হচ্ছে। সেখানেই বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হবে।
স্বাধীনতার পর দেশের অ্যাথলেটিকসে উজ্জ্বল নাম ছিলেন শামীমা সাত্তার মিমো। বিশেষ করে হাইজাম্প ইভেন্টে দীর্ঘ সময় ধরে তিনি নিজের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছিলেন। খেলোয়াড়ি জীবনে অসংখ্য পদক জয়ের পাশাপাশি ক্রীড়াঙ্গনে অবদানের স্বীকৃতি হিসেবে ২০০০ সালে তিনি জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত হন।
অ্যাথলেট হিসেবে ক্যারিয়ার শেষ করার পরও ক্রীড়াঙ্গন থেকে দূরে থাকেননি মিমো। তিনি জাতীয় ক্রীড়া পরিষদের কোচ হিসেবে কাজ শুরু করেন। পরে বিকেএসপির উপ-পরিচালক (প্রশিক্ষণ) হিসেবে দায়িত্ব পালন করেন এবং দিনাজপুরে বিকেএসপি প্রতিষ্ঠার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
এছাড়া তিনি দীর্ঘদিন অ্যাথলেটিকস ও আর্চারি ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য এবং অ্যাথলেটিকস জাজ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শামীমা সাত্তার মিমো সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার খালাতো বোন হলেও নিজের কর্মদক্ষতা ও ক্রীড়া অবদানের মাধ্যমেই তিনি আলাদা পরিচিতি গড়ে তুলেছিলেন। তাঁর মৃত্যুতে বিকেএসপি, অ্যাথলেটিকস ও আর্চারি ফেডারেশনসহ বিভিন্ন ক্রীড়া সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।
Leave a Reply