হবিগঞ্জ জেলা প্রতিনিধি,
কাচ্চি ডাইনসহ পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত। ছবি: ঢাকা মেইল
হবিগঞ্জ শহরের অভিজাত রেস্তোরাঁ কাচ্চি ডাইনসহ পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত। ফ্রিজে গরু ও খাসির কাঁচা মাংস একত্রে সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও নিষিদ্ধ উপকরণ ব্যবহারের দায়ে এ জরিমানা করা হয়।
শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক ও হবিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহেদুল আলম। অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শাকিব হোসাইনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
আদালত সূত্র জানায়, সম্প্রতি উদ্বোধন হওয়া শহরের কালিবাড়ি রোডের ‘কাচ্চি ডাইন’ আউটলেটে তল্লাশি চালিয়ে দেখা যায়, ফ্রিজে গরু ও খাসির কাঁচা মাংস এবং লেবেলবিহীন বোরহানি একত্রে রাখা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে শহরের ‘গ্র্যান্ড নবাব রেস্তোরাঁ অ্যান্ড পার্টি সেন্টারে’ বাসি বিরিয়ানি, পোলাও ও ফ্রাইড চিকেনের সঙ্গে কাঁচা খাবার একত্রে রাখা, রান্নাঘরে ঢাকনাবিহীন ডাস্টবিন ব্যবহার ও নিষিদ্ধ কেওড়া জল পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া মূল্য তালিকায় অসংগতি ও আমদানিকারকের স্টিকারহীন বিদেশি খেজুর রাখায় নোভা সুপারশপকে ৫ হাজার এবং নোংরা পরিবেশে খাবার তৈরি ও বাসি খাবার সংরক্ষণের দায়ে কিউরিয়াস রেস্তোরাঁকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে অন্য একটি খাবারের দোকানে পোড়া তেল, বিষ্ঠা মাখা ডিম ও মেয়াদোত্তীর্ণ ভিনেগার ব্যবহারের প্রমাণ পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করেন আদালত। জেলা নিরাপদ খাবার কর্মকর্তা শাকিব হোসাইন বলেন, ‘কাচ্চি ডাইনে গরু ও খাসির মাংস একত্রে রাখা ধর্মীয় ও স্বাস্থ্যগত দিক থেকে সংবেদনশীল এবং সাধারণ ভোক্তাদের জন্য অস্বস্তিকর। অন্য প্রতিষ্ঠানগুলোতেও চরম অস্বাস্থ্যকর পরিবেশ দেখা গেছে। জরিমানার পাশাপাশি সবাইকে সতর্ক করা হয়েছে।’
Leave a Reply