নিজস্ব প্রতিবেদক
নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ
বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।
বুধবার (১ এপ্রিল) নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
১২ ফেব্রুয়ারির নির্বাচনে শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রার্থীর ইশতেহার প্রচার অনুষ্ঠানে সহিংসতায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতা মারা যান। এরপর দলটির প্রার্থীও মারা যান। ফলে ভোট বাতিল করে নতুন তফসিলে যেতে হয় ইসিকে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর ছেড়ে দেওয়া আসন বগুড়া-৬ আসনেও নতুন করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
এ দুটি আসনের নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছেন কিনা এমন প্রশ্নে আখতার আহমেদ বলেন, আমাদের এখান একটি মাত্র লক্ষ্য বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন। কারণ শেষ বেলাতে এসে খারাপ কিছু হোক তা আমরা চাই না। এ নির্বাচনে নিয়ে শঙ্কা নেই সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে।
বগুড়া-৬ আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান, বিএনপির মো. রেজাউল করিম বাদশা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল আলিম তালুকদার।
এই আসনে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করে জয়ী হন। কিন্তু সংসদে একই সঙ্গে দুই আসনের সদস্য থাকার আইন না থাকায় ঢাকা-১৭ আসনটি ধরে রেখে বগুড়া-৬ আসন ছেড়ে দেন তিনি। পরবর্তী আসনটি শূন্য ঘোষণা করে নতুন করে তফসিল দেয় কমিশন।
শেরপুর-৩ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান, স্বতন্ত্র থেকে মো. আমিনুল ইসলাম, বিএনপির মো. মাহমুদুল হক রুবেল ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) মো. মিজানুর রহমান।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯ এপ্রিল সকাল সাড়ে ৭টা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত এ দুই আসনে একটানা ভোটগ্রহণ সম্পন্ন করবে নির্বাচন কমিশন (ইসি)।
Leave a Reply