নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের বাঁশখালীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঝটিকা মিছিল/ছবি: সংগৃহীত
চট্টগ্রামের বাঁশখালীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন। মিছিল থেকে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেতাকর্মীদের ওপর হামলা ও হত্যার বিচার, আটক নেতাকর্মীদের মুক্তি এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের বাণিগ্রাম বাজার এলাকায় এ মিছিল বের করা হয়।
মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দুই মিনিটের ভিডিওতে দেখা যায়, কয়েকজন তরুণ ও যুবক শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এরপর তারা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান। পরে সড়ক থেকে সরে যান তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে কয়েকজন যুবক বাণিগ্রাম বাজারের পূর্ব পাশের বৈলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে এ মিছিল বের করেন। এ সময় বিভিন্ন স্লোগান দেন তারা। পরে তারা দ্রুত সড়ক ছেড়ে চলে যায়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বলেন, ঘটনার বিষয়ে পুলিশ অবগত হয়েছে। যারা এই মিছিল করেছে তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply