নিজস্ব প্রতিবেদক
পুলিশ বাহিনীর ইউনিফর্ম পরিবর্তনের চলমান উদ্যোগ স্থগিত এবং এই সংক্রান্ত যাবতীয় প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার অনুরোধ জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের চারজন আইনজীবী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের এই নোটিশ পাঠান। নোটিশ প্রদানকারী আইনজীবীরা হলেন মো. শাহিনুজ্জামান, ড. সৈয়দা নাসরিন, জান্নাতুল ইসলাম পিয়া ও সালমা কুলসুম।
প্রশাসনিক এই নোটিশটি পাঠানো হয়েছে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং লজিস্টিকস শাখার অতিরিক্ত ডিআইজি-র বরাবরে। আইনজীবীরা তাঁদের নোটিশে উল্লেখ করেছেন যে, বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে পোশাক পরিবর্তনের পেছনে কোটি কোটি টাকা খরচ করার সিদ্ধান্ত থেকে সরকারের সরে আসা উচিত।
উক্ত নোটিশে দাবি করা হয়েছে যে, এর আগে ২০২৫ সালে ‘পুলিশ ড্রেস রুলস’ সংশোধন করে ইউনিফর্ম পরিবর্তন করতে প্রায় ৭৬ কোটি টাকা ব্যয় হয়েছে বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এমতাবস্থায় পুনরায় স্বল্প সময়ের ব্যবধানে রং ও নকশা পরিবর্তনের পদক্ষেপ নেওয়া হলে তা রাষ্ট্রীয় অর্থের অপচয় এবং পরিকল্পনাহীনতার পরিচায়ক হবে। আইনজীবীদের মতে, “ইউনিফর্মের রং বদল করলেই পুলিশ বাহিনীতে কাঙ্ক্ষিত সংস্কার আসে না। প্রকৃত সংস্কারের জন্য পেশাদারিত্ব, মানবাধিকার চর্চা, জবাবদিহি ও সেবার মানোন্নয়ন জরুরি।”
বর্তমান উচ্চ মূল্যস্ফীতি ও অর্থনৈতিক প্রতিকূলতার সময়ে এ ধরনের ব্যয়কে জনস্বার্থবিরোধী ও অপ্রয়োজনীয় বলে মনে করছেন নোটিশদাতারা। তাঁদের পক্ষ থেকে পাঁচটি সুনির্দিষ্ট দাবি জানানো হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো ইউনিফর্ম পরিবর্তন সংক্রান্ত সকল প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করা এবং এই খাতে এ পর্যন্ত হওয়া ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করা। নোটিশে আরও সতর্ক করা হয়েছে যে, আগামী ১৫ দিনের মধ্যে উল্লিখিত দাবিগুলো বাস্তবায়ন করা না হলে জনস্বার্থে হাইকোর্টে রিট আবেদন করা হবে।
Leave a Reply