ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে (২৩) রাতভর গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, বোয়ালমারী উপজেলার বাইখীর বনচাকী গ্রামের ওই তরুণীর সঙ্গে টিকরপাড়া গ্রামের মো. লিটন মোল্লার (৩৩) গত দুই মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল। গত ২২ এপ্রিল রাত আনুমানিক ১০টার দিকে লিটন ও তার সহযোগী সবুজ মোল্লা বিয়ের কথা বলে ভুক্তভোগীকে মোটরসাইকেলে করে আলফাডাঙ্গার কটুরাকান্দি এলাকায় সবুজের বসতঘরে নিয়ে যায়।
সেখানে পৌঁছানোর পর অভিযুক্তরা তাকে কুপ্রস্তাব দেয়। তরুণী এতে রাজি না হলে তাকে প্রাণনাশের ভয় দেখিয়ে পর্যায়ক্রমে রাতভর ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ২৩ এপ্রিল ভোর সাড়ে ৫টার দিকে অভিযুক্তরা ভুক্তভোগীকে ফেলে রেখে পালিয়ে যায়।
পরে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯(৩) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নং- ১৬, তারিখ: ২৩/০৪/২০২৬)।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. লিটন মোল্লা (৩৩), সবুজ মোল্লা (২৩) ও আলী শরীফ (২০)।
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিন আসামিকেই গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। বর্তমানে তারা থানা হাজতে রয়েছে এবং তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। মামলার তদন্তভার দেওয়া হয়েছে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ফকির তাইজুর রহমানকে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Leave a Reply