শাহ জামান সিরাজী
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে এআরও নেতা নিহত
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে আরাকান রোহিঙ্গা অরগানাইজেশনের (এআরও) নেতা কেফায়েত উল্লাহ হালিম নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও দু’জন।
মঙ্গলবার (৫ মে) আনুমানিক সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উখিয়া ৭ নাম্বার রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
উখিয়া ১৪ এপিবিএন-এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সিরাজ আমিন জানিয়েছেন, রোহিঙ্গা ক্যাম্প-৮/ইস্ট থেকে এআরও নেতা কেফায়েত উল্লাহ হালিমসহ কয়েকজন মোটরসাইকেল নিয়ে নিজ নিজ শেডে ফিরছিলেন। এ সময় ক্যাম্প-৮/ইস্ট এর এ/৩২ পয়েন্ট এবং রোহিঙ্গা ক্যাম্প-০৭ এর মধ্যবর্তী তরজার ব্রিজ এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা আরসা সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন কেফায়েত উল্লাহ হালিম, মোহাম্মদ উল্লাহ ও নুর মোহাম্মদ। তাদেরকে উদ্ধার করে প্রথমে ফ্রেন্ডশিপ হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে কুতুপালং এমএসএফ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এআরও নেতা কেফায়েত উল্লাহ হালিম।
এ ঘটনায় জড়িত আরসা সন্ত্রাসীদের গ্রেপ্তারে ক্যাম্প এলাকায় পুলিশি অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানিয়েছে এপিবিএন।
Leave a Reply