নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, বিজয়ের দুইদিন আগে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার, স্বাধীনতা বিরোধী ও তাদের দোসররা বাংলাদেশকে মেধাশূন্য করতে বুদ্ধিজীবীদের হত্যা করে।
বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী ইন্দিরা বলেন, বিজয়ের মাসে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হয়ে বজ্র কঠিন শপথ নিতে হবে। যেকোনো মূল্যে রুখে দিতে হবে দেশবিরোধী অপতৎপরতাকারীদের।
তিনি বলেন, স্বাধীনতা বিরোধীরা বাঙালিদের দাবিয়ে রাখতে পারেনি। বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল।
শিশু বয়সেই বাবাকে হারানো ও মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা শিশুদের সামনে তুলে ধরেন শহিদ বুদ্ধিজীবী সিরাজুদ্দিনের সন্তান জাহিদ রেজা নূর এবং শহিদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের সন্তান অভিনেত্রী শমী কায়সার।
বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক। স্বাগত বক্তব্য দেন শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন। আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত সচিব মো. মুহিবুজ্জামান, মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক ড. কেয়া খান, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক আবেদা আক্তার ও দফতর সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
অনুষ্ঠানের শুরুতেই প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বইমেলার উদ্বোধন করেন। আলোচনা পর্ব শেষে দোয়া অনুষ্ঠিত হয়।
Leave a Reply