বিনোদন ডেস্ক:
বুধবারের সন্ধ্যাটি হঠাৎ শোকের চাদরে মুড়ে দিল নন্দিত অভিনেতা আহমেদ রুবেলের মৃত্যুসংবাদ। তরতাজা মানুষটির আচমকা চলে যাওয়ার খবরে শোনামাত্র যে যেখানে ছিলেন সেখানেই দাঁড়িয়ে পড়ছেন। রুবেলের হারানোর যন্ত্রণায় কাতর তার সহকর্মীরা। সামাজিক মাধ্যমে ফুটে উঠেছে সে বেদনার রং।
আহমেদ রুবেলের চলে যাওয়ার সংবাদ বিশ্বাস হচ্ছে না অভিনেতা সিয়ামের। নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘রুবেল ভাই আর নেই! ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্রেফ অবিশ্বাস্য!’
একই কথা সুর চঞ্চল চৌধুরীর সোশ্যাল হ্যান্ডেলে। তিনি রুবেলের হাসিমুখের একটি ছবি প্রকাশ করে লিখেছেন, ‘বিশ্বাসই করতে পারছি না যে, অভিনেতা আহমেদ রুবেল ভাই আর নেই।’
অভিনেতা আরিফিন শুভ লিখেছেন, ‘আপনি বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে।’ সঙ্গে দিয়েছেন হৃদয় ভাঙার ইমোজি।
অভিনেত্রী ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক জ্যোতিকা জ্যোতির বিশ্বাস হচ্ছে না সহকর্মীর চলে যাওয়ার খবর। তিনি লিখেছেন, ‘রুবেল ভাই নেই। আমি বিশ্বাস করি না। আমি ওনার সিনেমার প্রিমিয়ার শো দেখতে সিনেমা হলের কাছে এসে শুনি উনি নেই! সত্যি কি?’
জিয়াউল ফারুখ অপূর্ব লিখেছেন, ‘সবার প্রিয় অভিনেতা আহমেদ রুবেল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।’
আগামী ৯ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে রুবেল অভিনীত সিনেমা ‘পেয়ারার সুবাস’। আজ বুধবার সন্ধ্যায় ছবিটির বিশেষ প্রদর্শনীতে যোগ দেওয়ার কথা ছিল তার। কিন্তু সেখানে যোগ দিতে এসে চলে গেলেন জীবনের লেনাদেনা চুকিয়ে।
আহমেদ রুবেলের মৃত্যুর কারণ জানিয়ে অভিনয়শিল্পী বলেছেন, সম্ভবত হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। আজ তার সিনেমা পেয়ারার সুবাসের বিশেষ প্রদর্শনী ছিল। ছবিটি দেখতে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে অসুস্থবোধ করলে তাকে নিকটস্থ স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসকরা আহমেদ রুবেলকে মৃত ঘোষণা করেন।
আহমেদ রুবেলের পুরো নাম আহমেদ রাজিব রুবেল। তিনি ১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বেড়ে ওঠা ঢাকায়। তিনি গাজীপুরে স্থায়ীভাবে বসবাস করতেন।
রুবেলের অভিনয়ে হাতেখড়ি সেলিম আল দীনের ‘ঢাকা থিয়েটার’ -এর মাধ্যমে। তিনি নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নযাত্রা’নাটকের মাধ্যমে ছোটপর্দায় পথচলা শুরু করেন। তাকে জনপ্রিয়তা এনে দেয় হুমায়ূন আহমেদের নাটক ‘পোকা’। এতে তার চরিত্রের নাম ছিল ‘গোরা মজিদ’ ।
Leave a Reply