বিনোদন ডেস্ক:
৭৭তম ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসের মঞ্চে উপস্থাপনা করলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এই বিশেষ দিন উপলক্ষ্যে তারকা ডিজাইনার সব্যসাচীর ডিজাইন করা শিমারি শাড়িতে নজর কাড়লেন ভক্তদের।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন তার এদিনের সাজ। বাফটা পুরস্কারের জন্য তিনি এদিন একটি শিমারি গোল্ডেন শাড়ি পরেছিলেন। সেই ছবিগুলো ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছিলেন।
এদিন দীপিকা যে দুটো ছবি পোস্ট করেছিলেন তার প্রথমটিতে অভিনেত্রীর ক্লোজ আপ শট দেখা যাচ্ছে। তিনি পিছন ফিরে তাকিয়ে আছেন সেই ছবিতে। একটি খোঁপা করেছিলেন এদিন তিনি। শাড়ির সঙ্গে ম্যাচ করা স্লিভলেস ব্লাউজ পরেছিলেন।
এবারের ৭৭তম বাফটার মঞ্চে পরিচালক জোনাথন গ্লেজারের হাতে পুরস্কার তুলে দিতে দেখা গেল অভিনেত্রীকে।
দীপিকাকে ভারতীয় পোশাকে সাজতে দেখে ভক্তরা বেশ খুশি। পোস্টের রিপ্লাইয়ে দীপিকাকে নিয়ে বেশ প্রশংসা করতেও দেখা গেছে নেটিজেনদের। তবে এই প্রথম নয়, আন্তর্জাতিক মঞ্চে এর আগেও শাড়িতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। কান চলচ্চিত্র উৎসব এমনকি অস্কারের মঞ্চেও শাড়িতে লাস্যময়ী রূপে ধরা দিয়েছিলেন নায়িকা।
উল্লেখ্য, ১৯ ফেব্রুয়ারি লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে অনুষ্ঠিত হয় ২০২৪ সালের বাফটা অ্যাওয়ার্ড। বাফটায় সেরা অভিনেতার পুরস্কারপ্রাপ্ত কিলিয়ন মারফির পাশে দাঁড়িয়ে দীপিকার একটি ছবি ঘিরে নেটদুনিয়া চর্চা শুরু হয়েছে।
Leave a Reply