শিক্ষা ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে নেয়ার কথা বলছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। তাদের মতে ঢাবির মতো বিভাগীয় শহরে পরীক্ষা নিলে আসা যাওয়ার ভোগান্তি লাগব হবে। এছাড়াও দূর দূরান্ত থেকে এসে থাকা এবং খাবারের অসুবিধার কথা জানালেন তারা।
বুধবার (২৭ অক্টোবর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষের (সম্মান) ভর্তি পরীক্ষা ২৭ অক্টোবর থেকে শুরু হয়েছে। শেষ হবে আগামী ৫ নভেম্বর। এরইমধ্যে বি, সি ইউনিটের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
তবে ভর্তি পরীক্ষা সশরীরে চবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হওয়াতে দেশের বিভিন্ন জায়গা থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থী ওবং অভিভাবকদের আসতে হয়েছে। তেমনই কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবকের সঙ্গে আলাপ হয় এই প্রতিবেদকের।
সিলেট থেকে আসা ভর্তিচ্ছু মিদহাদ আহমদ বলেন, ছয়দিন আগে ট্রেনের টিকিট পাইনি। পরে বাসে করে আসতে হয়েছে। টানা ১১ ঘণ্টা জার্নি করে পরীক্ষা দিতে হয়েছে। চট্টগ্রামে নিজেদের কোনো আত্মীয় বা পরিচিত নেই। যার ফলে বিশ্ববিদ্যালয়ে আরেক বন্ধুর ভাই হলে কয়েকজন সঙ্গে থাকার ব্যবস্থা করেছেন। কিন্তু এবার ঢাবির ভর্তি পরীক্ষা সিলেটে থেকেই দিতে পেরেছি যে কারণে যাওয়া আসা এবং থাকা নিয়ে ভাবতে হয়নি। এভাবে এই বিশ্ববিদ্যালয় নিতে পারলে আগামী দিনে যারা পরীক্ষা দিবে তাদের জন্য সুবিধা হয়।
মেয়েকে নিয়ে পরীক্ষা দিতে বরগুনা থেকে এসেছেন সাইফুল আলম। তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য দুদিন আগে বাড়ি থেকে রওয়ানা দেই। লঞ্চ, বাস, ট্রেন চড়ে ক্যাম্পাস পর্যন্ত আসি। কতো লম্বা জার্নি। আমি নিজেও দুর্বলতা অনুভব করছি। মেয়ের অবস্থা তো বুঝতেই পারছেন। এখনতো পরীক্ষা দিতে হলে না এসে উপায় নেই। তবে ঢাবির ভর্তি পরীক্ষার মতো বিভাগীয় শহরে নিতে পারলে এতো কষ্ট করতে হতো না আমাদের।
তবে আগামীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে নেয়ার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। ২৭ অক্টোবর শুরুর দিন ভর্তি পরীক্ষার হল পরিদর্শন শেষে তিনি বলেন, আগামী বছর ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে নেয়ার বিষয়ে আমরা চিন্তা করছি। এবার করোনার কারণে এ নিয়ে কাজ করা সম্ভব হয়নি। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবার বিভাগীয় শহরে সম্পন্ন হয়েছে। আশাকরি আমরাও সেভাবে করতে পারবো।
উল্লেখ্য, প্রথমবারের মতো এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেশের ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়েছে। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়াও রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, খুলনা বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা খুলনা বিশ্ববিদ্যালয়ে, সিলেট বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, রংপুর বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, বরিশাল বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা বরিশাল বিশ্ববিদ্যালয়ে এবং ময়মনসিংহ বিভাগের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
Leave a Reply