নিজস্ব প্রতিবেদক:
আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে নারীদের প্রতি সম্মান দেখিয়ে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ মামলার শুনানির ক্ষেত্রে নারী আইনজীবীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. আতোয়ার রহমান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ এ অগ্রাধিকার দিচ্ছেন। মঙ্গলবার এই বেঞ্চে কার্য দিবসের প্রথমার্ধের কার্যক্রমের পুরো সময়জুড়ে নারী আইনজীবীরা শুনানিতে অগ্রাধিকার পাচ্ছেন।
এছাড়া, আজ সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড কমিটি বিকেলে চারটার দিকে নারী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করেছে। সুপ্রিমকোর্টের কনফারেন্স হলে এই অনুষ্ঠান হবে। সুপ্রিমকোর্ট লিগ্যাল এইডের প্যানেল নারী আইনজীবীদের সম্মানে এ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সুপ্রিমকোর্ট লিগ্যাল কমিটির চেয়ারম্যান বিচারপতি জাহাঙ্গীর হোসেন।
নারী অধিকার রক্ষায় বিশ্বব্যাপী সমতাভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ার লক্ষ্যে প্রতিবছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হয়।
জাতিসংঘ ২০২২ সালের নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে-‘নারীর সুস্বাস্থ্য ও জাগরণ’। এ প্রতিপাদ্যের আলোকে দেশের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এ বছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘টেকসই আগামীর জন্য,লিঙ্গ সমতাই আজ অগ্রগণ্য’।
এ উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সারাদেশে শোভাযাত্রা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এছাড়া সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন নানা আয়োজনের মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করছে।
Leave a Reply