নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া প্রীতি হত্যাকাণ্ডে জড়িত এক শুটারকে গ্রেফতার করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের একটি টিম তার নাম-পরিচয় নিশ্চিত হওয়ার পর একাধিক জায়গায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
রোববার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এ বিষয়ে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।
এর আগে, বৃহস্পতিবার রাতে শাহজাহানপুরে ইসলামী ব্যাংকের পাশে বাটার শো-রুমের সামনে জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া প্রীতিকে হত্যা করা হয়।
পুলিশ জানায়, মাথায় হেলমেট ও মুখে মাস্ক পরে মোটরসাইকেল ব্যবহার করে কিলিং মিশনে অংশ নেন দুইজন। তাদের একজন চালক, অন্যজন পিস্তলধারী। মাত্র ২০ সেকেন্ডে কিলিং মিশন শেষে নির্বিঘ্নে পালিয়ে যান তারা।
এরপর শুক্রবার নিহত টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১, ১২, ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে শাহজাহানপুর থানায় মামলা করেন। অভিযোগে তিনি কারো নাম উল্লেখ করেননি। অজ্ঞতানামা আসামি হিসেবে অভিযোগ করেন।
মামলার এজাহারে টিপুর স্ত্রী অভিযোগ করেন, বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে শাহজাহানপুর থানাধীন ২০২ উত্তর শাহজাহানপুর মানামা ভবনস্থ বাটার দোকানের সামনে পৌঁছামাত্র অজ্ঞাতনামা দুর্বৃত্তরা হামলা করেন। তারা আমার স্বামী জাহিদুল ইসলাম টিপুকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে গুলি করেন।
Leave a Reply