নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর যাত্রাবাড়ীতে আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিকী হাবু হত্যা মামলায় যাত্রাবাড়ী থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান ফাহিমসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২১ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।
বুধবার ঢাকা মহানগর হাকিম মো. রশিদুল আলমের আদালত মামলার এজাহার গ্রহণ করে এ দিন ধার্য করেন।
এর আগে, হাবু হত্যার ঘটনায় তার ভাই মো. বাচ্চু মিয়া বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখসহ ৩/৪ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
এ মামলার অন্য আসামিরা হলেন- মো. শাকিল, মজে ওরফে মজো, মো. কবির, মো. সামু, ফালান ওরফে কানা ফালান, মো. সেলিম, মো. পারভেজ, বাবু ওরফে দাড়িওয়ালা বাবু, মো. আল আমিন ও সুজন আকন।
মামলার সূত্রে জানা যায়, ভুক্তভোগী হাবু কাঁচামাল ব্যবসায়ী ছিলেন। দোকান থেকে বাসায় ফেরার পথে শহিদ ফারুক সড়ক এলাকায় পৌঁছালে ফাহিমসহ কয়েকজন তাকে ছুরিকাঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Leave a Reply