হারুন অর রশিদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগের বিগত ৪টি নির্বাচন ভূয়া ছিল। তারা মৃত মানুষের ভোটও নিজেরা দিয়েছিল। যারা ভোট দেয়নি তাদের ভোটও আওয়ামী লীগের পক্ষে দেওয়া হয়েছিল। তিনি মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নরসিংদীর পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এসময় মন্ত্রী বলেন, বিএনপি সুষ্ঠু নির্বাচনে প্রতিজ্ঞাবদ্ধ, মাননীয় প্রধানমন্ত্রী দেশের মানুষকে একটি চমৎকার স্থানীয় সরকার নির্বাচন উপহার দিবেন। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে, জেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন ও উপজেলা পরিষদ গুলোতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকারকে শক্তিশালী করা হবে।
মন্ত্রী আরো বলেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, বিএনপি জনগণের কল্যানে কাজ করে। মাননীয় প্রধান মন্ত্রী বিশ্বের সকল দেশের সাথে সুসম্পর্ক করে রাজনীতি করছেন। যার সূফল দেশের ১৮ কোটি মানুষ পাবে।
পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, শ্রমিক দলের সভাপতি আলামিন ভূইয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।