খলিফা সাগর : পটুয়াখালী প্রতিনিধি।
পটুয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. রাসেল হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪ টা ১০ মিনিটের দিকে পটুয়াখালী থানার এ এস আই মোজাম্মেল ইসলাম রিপনের নেতৃত্বে পুলিশের একটি দল তেলীখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার রাসেল হাওলাদার পটুয়াখালী সদর উপজেলার মাঝখালী এলাকার মো. রুস্তম হাওলাদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, পটুয়াখালী থানার জিআর মামলা নং-৩১৯/১৯-এর আসামি রাসেল হাওলাদার। ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১০(ক)/৪১ ধারায় দায়ের করা মামলায় আদালত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
রায় ঘোষণার পর থেকে রাসেল পলাতক ছিলেন। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পুলিশ আর ও জানিয়েছে, গ্রেপ্তার রাসেল হাওলাদারের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।
মাদকবিরোধী অভিযান ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পটুয়াখালী থানা পুলিশ।