নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়নে আকিব (২০) নামে এক অটোরিকশাচালক গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (১৮ মে) সন্ধ্যায় উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। আহত আকিব ওই এলাকার হামিদ হোসেনের ছেলে।

 

পুলিশ জানায়, মাগরিবের সময় এলাকায় হঠাৎ গুলির শব্দ শোনা যায়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আকিবকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে প্রথমে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

 

পুলিশ জানায়, আহত আকিব অভিযোগ করেছেন, এর আগে তার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়েছিল। চাঁদা না দেওয়ায় তাকে গুলি করা হয়েছে বলে তিনি দাবি করছেন।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ কাজ করছে। আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।