স্বাস্থ্য

দেশজুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দুই জেলায় হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটেই ৩ শিশুর মৃত্যু হয়েছে।

সূত্র জানায়, এ নিয়ে সিলেটে হাম ও উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০ জনে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৯২ জন।

এদিকে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় হাম উপসর্গে ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ৩৪ জন।

এছাড়া, খুলনা, রংপুর ও চট্টগ্রাম বিভাগেও হাম আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে । কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকট থাকায় মেঝেতে রেখেই চলছে চিকিৎসা। এতে সংক্রমণ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

একসময় নিয়ন্ত্রণে থাকা এই রোগ আবারও ভয়ংকর রূপ নেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা। এদিকে, শিশুদের জীবন বাঁচাতে সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।