টাঙ্গাইল প্রতিনিধি:তানিয়া ইসলাম
দীর্ঘ ১৩ বছর পেরিয়ে গেলেও টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান ও বিএনপি নেতা শহীদ ফারুক আহমেদ হত্যা মামলার বিচার শেষ হয়নি। দীর্ঘদিনেও হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় নিহতের পরিবার, স্বজন ও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
নিহত চেয়ারম্যান ফারুক আহমেদ ছিলেন দাইন্যা ইউনিয়নের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান এবং বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত একজন নেতা। ২০১৩ সালে তাকে হত্যা করা হয় বলে স্বজন ও স্থানীয়দের দাবি। হত্যাকাণ্ডের পর মামলা হলেও দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরও বিচারিক কার্যক্রম শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা।
সম্প্রতি এক স্মরণ ও প্রতিবাদমূলক আয়োজনে চেয়ারম্যান ফারুক আহমেদ হত্যার বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানানো হয়। এ সময় বক্তব্য রাখেন চেয়ারম্যান ফারুক হত্যা মামলার বাদী ও সাবেক চেয়ারম্যান মো. লাভলু মিয়া, প্যানেল মেয়র মো. আবু সাঈদ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম দীপু, দাইন্যা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহাগ, নিহত চেয়ারম্যান ফারুকের ছোট বোন রওশনা খাতুন এবং ছোট ভাই মকবুল মিয়া।
বক্তারা বলেন, দীর্ঘ ১৩ বছর ধরে বিচারপ্রক্রিয়া চললেও এখনো নিহত চেয়ারম্যান ফারুক আহমেদ হত্যার বিচার শেষ হয়নি। এতে পরিবারটি ন্যায়বিচার পাওয়া নিয়ে হতাশ হয়ে পড়েছে। তারা দ্রুত মামলার বিচারিক কার্যক্রম সম্পন্ন করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নিহতের ছোট বোন রওশনা খাতুন ও ছোট ভাই মকবুল মিয়া বলেন, দীর্ঘদিন ধরে তারা প্রিয়জন হত্যার বিচার পাওয়ার অপেক্ষায় রয়েছেন। সময় যত গড়াচ্ছে, তাদের কষ্ট ও হতাশা ততই বাড়ছে। তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
মামলার বাদী ও সাবেক চেয়ারম্যান মো. লাভলু মিয়া বলেন, ১৩ বছর ধরে মামলাটি চলমান থাকলেও এখনো তারা কাঙ্ক্ষিত বিচার পাননি। তিনি দ্রুত মামলার নিষ্পত্তি এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা আরও বলেন, একজন জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকে হত্যার ঘটনার বিচার দীর্ঘসূত্রতায় আটকে থাকা কোনোভাবেই কাম্য নয়। তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেন।
নিহত চেয়ারম্যানের পরিবার ও স্থানীয় নেতাকর্মীরা আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত মামলার বিচারিক কার্যক্রম শেষ করে তাদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাবে।