মোঃ আব্দুল রহমানঃ

যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে ইমরান নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মো. জাকারিয়া (৩৩) নামে আরও একজন আহত হয়েছেন।

রবিবার দিবাগত রাত ১২টার দিকে গুরুতর আহত ইমরানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক রাত ১২টা ৭ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। ইমরানের মাথায় গুলি লেগেছিল বলে জানা গেছে।

এর আগে আহত অবস্থায় জাকারিয়াকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। তার পায়ে গুলি লেগেছে।

জাকারিয়া জানান, উত্তর ধলপুর এলাকায় ৬-৭ জন হেলমেট পরা ব্যক্তি একটি যুবককে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এ সময় তাদের একটি গুলি এসে তার পায়ে লাগে। হামলায় ওই যুবক নিহত হয়েছেন বলে ধারণা করছেন তিনি।

জাকারিয়া আরও জানান, হামলাকারীরা ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।

আহত জাকারিয়ার বাড়ি উত্তর ধলপুরের ৫৪/এ নম্বরে। তার বাবার নাম সফর আলী।

ইমরানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান। তিনি জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।