দিনাজপুর প্রতিনিধি

নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে বিয়ের দাওয়াতে যাওয়ার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রুমি আক্তার (২৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী ও দুই সন্তান গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর পৌরশহরে জনতা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

নিহত রুমি আক্তার নবাবগঞ্জ উপজেলার জগন্নাথপুর এলাকার বাসিন্দা মাহমুদুল হাসানের (৫০) স্ত্রী। আহত দুই শিশুসন্তানের নাম মারিয়া মাহরীন (১১ মাস) ও আব্দুর রহমান (৭)।

বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) শামিম আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় একটি বিয়ের দাওয়াত খেতে মোটরসাইকেলে করে রওয়ানা দেন মাহমুদুল। পথে বিরামপুর শহরের জনতা ব্যাংকের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে অপর একটি ট্রাকের ধাক্কায় সড়কে পড়ে যাযন। এসময় পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক রুমী আক্তারকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত মাহমুদুল ও তার দুই সন্তানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন স্থানীয়রা।

নিহতের রুমির ফুফাতো বোনের স্বামী আল-আমিন হোসেন জানান, মাহমুদুল হাসান মালয়েশিয়া প্রবাসী। তিনি একমাসের ছুটিতে বাড়ি এসেছেন। কয়েকদিনের মধ্যেই আবারও চলে যাওয়ার কথা ছিল। আজ হঠাৎ এ ঘটনায় সব এলোমেলো হয়ে গেল।

পুলিশ পরিদর্শক শামিম আল মামুন বলেন, কোনো আপত্তি না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের মধ্যে ছেলে আব্দুর রহমানের অবস্থার অবনতি হওয়ায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মাহমুদুল হাসান ও তার মেয়ে মারিয়া মাহরীনকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।