পাবনা সংবাদদাতা

ছেলের বিয়ের কেনাকাটা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন বাবা-মা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ছেলের বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ের মাত্র দুই দিন আগে বুধবার সন্ধ্যায় মর্মান্তিক এ দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের মালিথাপাড়া এলাকার মৃত টুনি মালিথার ছেলে আনোয়ার মালিথা (৪০) ও তার স্ত্রী স্বপ্না খাতুন (৩৫)।

স্থানীয়রা জানান, আগামী শুক্রবার আনোয়ার মালিথার ছেলে সিয়ামের বিয়ে। এ উপলক্ষে বুধবার ছেলের বিয়ের কেনাকাটা করতে স্ত্রী স্বপ্না খাতুনকে সঙ্গে নিয়ে ঈশ্বরদী পৌর শহরে আসেন আনোয়ার। কেনাকাটা শেষে সন্ধ্যায় তারা মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা দেন।

পথে পৌর শহরের আলহাজ্ব মোড় এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে স্বপ্না খাতুন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত আনোয়ার মালিথাকে স্থানীয়রা উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

সড়ক দুর্ঘটনার কবলে পল্লী বিদ্যুতের গাড়ি, কর্মীর মৃত্যুসড়ক দুর্ঘটনার কবলে পল্লী বিদ্যুতের গাড়ি, কর্মীর মৃত্যু
ছেলের বিয়ের আনন্দের প্রস্তুতির মধ্যেই মাত্র দুই দিনের ব্যবধানে বাবা-মাকে হারিয়ে পরিবারটিতে নেমে এসেছে শোকের মাতম। বিয়ের আয়োজন পরিণত হয়েছে শোকের আবহে। স্বজন ও স্থানীয়দের মধ্যেও নেমে এসেছে গভীর শোক।

ঈশ্বরদী থানার ওসি আসাদুর রহমান জানান, দুর্ঘটনার পর নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তাকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।