খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

কারিগরি প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীর মধ্যে সনদপত্র বিতরণ করেছে সেনাবাহিনী/
খাগড়াছড়ির দীঘিনালায় তিন সপ্তাহব্যাপী মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল বিষয়ে কারিগরি প্রশিক্ষণ শেষে ৩৬ জন পাহাড়ি-বাঙালি শিক্ষার্থীর মধ্যে সনদপত্র বিতরণ করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সেনাবাহিনীর দীঘিনালা জোনের উদ্যোগে দীঘিনালা সরকারি পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
সেনাবাহিনীর দীঘিনালা জোনের কমান্ডার লে. কর্নেল মো. আল-আমিন এর নির্দেশনায় এ কারিগরি প্রশিক্ষণের আয়োজন করা হয়। তিন সপ্তাহের প্রশিক্ষণে শিক্ষার্থীদের মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল কাজের বিভিন্ন ব্যবহারিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

অনুষ্ঠানে দীঘিনালা জোনের অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মো. জাহিদ হাসান জয় প্রশিক্ষণ সম্পন্নকারী ৩৬ শিক্ষার্থীর হাতে সনদপত্র তুলে দেন।

এ সময় দীঘিনালা সরকারি পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের কারিগরি শিক্ষক মো. রুবেল আহমেদ, দীঘিনালা কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শরিফুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ শেষে সনদপত্র হাতে পেয়ে শিক্ষার্থীরা বলেন, প্রচলিত শিক্ষার পাশাপাশি বাস্তবভিত্তিক কারিগরি দক্ষতা অর্জনের সুযোগ তাদের আত্মকর্মসংস্থান ও জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে তারা নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি পরিবারের আর্থিক সচ্ছলতায় অবদান রাখতে পারবেন বলে আশা প্রকাশ করেন।

শিক্ষার্থীরা আরও বলেন, মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল কাজের মতো ব্যবহারিক বিষয়ে প্রশিক্ষণ তাদের ভবিষ্যৎ কর্মজীবনে কাজে লাগবে। এ ধরনের ব্যতিক্রমধর্মী ও বাস্তবমুখী উদ্যোগ গ্রহণের জন্য তারা দীঘিনালা জোন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সেনাবাহিনী দীঘিনালা জোনের অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মো. জাহিদ হাসান জয় বলেন, ‘কারিগরি ও বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষ করে গড়ে তোলার এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।’