চট্টগ্রাম জেলা প্রতিনিধি,
ট্রেনে কাটা পড়ার পর স্থানীয়দের ভিড়।
চট্টগ্রাম নগরীর ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে হাত হারানো শিশু রাহাতের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। একই ঘটনায় তাকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই দেলোয়ার হোসেন মিন্টু নামে অপর এক ব্যক্তির মৃত্যু হয়।
শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম মেডিকেলের অর্থোপেডিক ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকরা।
রাহাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের অর্থোপেডিক ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ মিনহাজ উদ্দিন। তিনি বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটির মৃত্যু হয়েছে।
দুপুর আড়াইটার দিকে পাঁচলাইশ থানার ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে রাহাতের একটি হাত কাটা পড়ে ও পায়েও গুরুতর জখম হয়। রাহাতকে বাঁচাতে মিন্টু রেল লাইনে ঝাঁপ দেন। সৌভাগ্যবসত রাহাত সেসময় প্রাণে বাঁচলেও ঘটনাস্থলে মারা যান মিন্টু।
রাহাত পাঁচলাইশ থানার ২ নম্বর গেট এলাকার মো. ফারুকের ছেলে। অন্যদিকে মিন্টু ইলেকট্রিক মিস্ত্রি বলে জানা যায়।