মোঃ ফয়সাল , রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:

পাহাড় ও হ্রদের শহর রাঙ্গামাটিতে বেড়াতে এসে হারিয়ে যাওয়া এক পর্যটকের আইফোন ১৩ মাত্র ১০ ঘণ্টার মধ্যে উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৮ এপিবিএন), রাঙ্গামাটি সাইবার ক্রাইম সেল।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকা থেকে রাঙ্গামাটিতে ভ্রমণে আসা এক পর্যটকের আইফোন ১৩ (iPhone 13) হারিয়ে যায়। ফোনটি হারিয়ে যাওয়ার পর তিনি ১৮ এপিবিএনের সাইবার ক্রাইম সেলের সহযোগিতা চান।

অভিযোগ পাওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত তৎপরতা শুরু করে ১৮ এপিবিএনের সাইবার ক্রাইম সেল। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে মাত্র ১০ ঘণ্টার মধ্যে হারানো আইফোনটি উদ্ধার করা হয়।

পরে উদ্ধার করা আইফোনটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়। দ্রুত সময়ে হারানো ফোন উদ্ধার করে দেওয়ায় ১৮ এপিবিএনের সাইবার ক্রাইম সেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ওই পর্যটক।

ভুক্তভোগী মো. মাজহারুল ইসলাম মাহী, পিতা—কবিরুল ইসলাম, মাতা—সাইদা বেগম। তিনি ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দনিয়া এলাকার ৬১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

১৮ এপিবিএন রাঙ্গামাটি সাইবার ক্রাইম সেল জানিয়েছে, জনসাধারণ ও পর্যটকদের সেবায় তারা নিয়মিত কাজ করে যাচ্ছে। কারও মোবাইল ফোন হারিয়ে গেলে কিংবা সাইবার সংক্রান্ত কোনো সমস্যায় পড়লে সাইবার ক্রাইম সেলের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।