ইকবাল বাহার,কানাইঘাট উপজেলা প্রতিনিধি ।
সিলেটের কানাইঘাট উপজেলা থানা রোড এলাকায় প্রি ক্যাডেট স্কুলের সামনে ব্যাটারিচালিত পানিবাহী ভ্যানগাড়ির ধাক্কায় ৭ বছর বয়সী এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার (১৮ মে) দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শিশু অভি দাস কানাইঘাট প্রি ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয় ছুটির পর প্রতিষ্ঠানের গেটের সামনে নিরাপত্তাকর্মীর সঙ্গে থাকা অবস্থায় পানিবাহী ব্যাটারিচালিত ভ্যানগাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ প্রেরণ করেন। তবে সিলেটে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয় বলে পরিবার নিশ্চিত করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে বায়মপুর গ্রামের বশির আহমদের ছেলে ভ্যানচালক সুফিয়ান আহমদ (২৬)-কে আটক করে। পরে নিহত শিশুর পিতা অশেষ দাস বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মঙ্গলবার (১৯ মে) পুলিশি স্কর্টের মাধ্যমে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রি ক্যাডেট স্কুলসহ কয়েকটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ব্যস্ত সড়কের পাশে হওয়ায় প্রতিদিনই শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। এছাড়া স্কুলের সামনে যত্রতত্র হকার বসা এবং অবৈধ ব্যাটারিচালিত মিশুক ও ভ্যানগাড়ির বেপরোয়া চলাচলের কারণে দুর্ঘটনার আশঙ্কা সবসময়ই থাকে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিব দাস ঝলক বলেন, বর্তমানে তাহার শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৬০০ শিক্ষার্থী রয়েছে। তাদের পাঠদানের জন্য ২১ জন শিক্ষক ও নিরাপত্তায় ২ জন নারী নিরাপত্তাকর্মী নিয়োজিত আছেন। এছাড়া ছুটির সময় শিক্ষার্থীদের রাস্তা পারাপারে শিক্ষক ও নিরাপত্তাকর্মীরা সহযোগিতা করেন। তিনি ঘটনার জন্য গভীর শোক প্রকাশ করে নিহত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং প্রতিষ্ঠান থেকে আইনি ও আর্থিক সহায়তা দেওয়ার কথা জানান।
সচেতন মহলের দাবি, সড়কের পাশে এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ব্যাস্ততম রাস্তার পাশ হতে সরিয়ে খোলামেলা বা নিরাপদ দূরত্বে স্থাপন করিলে শিক্ষার্থীদের নিরাপত্তা বাড়বে। সড়কের পাশে এমন স্কুল প্রতিষ্ঠা নিয়েও প্রশ্ন তোলে সুশীল সমাজ। এসময় তারা আরও বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা যদি কোনো প্রতিষ্ঠান দিতে ব্যার্থ হয় তাহলে এর জন্য তারা দায়বদ্ধতা এড়াতে পারবে না।
এ ঘটনার বিষয়ে কানাইঘাট প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জহিরুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ হলে তিনি জানান, এ ঘটনার বিষয়ে তিনি অবগত নন। সড়কের পাশে এসব প্রতিষ্ঠানের প্রশ্নে তিনি বলেন, যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের পূর্বে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা উচিৎ।