গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার উত্তর ছয়ঘড়িয়া এলাকায় ব্র্যাক সিডের উদ্যোগে “টেকসই কৃষি পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োমেট্রিসাইট ব্যবহার” শীর্ষক এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কৃষির আধুনিকায়ন, নিরাপদ খাদ্য উৎপাদন এবং পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারে কৃষকদের সচেতন করতে এই কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বায়োমেট্রিসাইট চিন্তাবিদ ও বিশ্লেষক মোঃ রশিদুল ইসলাম, রিজোনাল সেলস ম্যানেজার, রংপুর অঞ্চল। তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সময়ে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে নিরাপদ ও বৈজ্ঞানিক পদ্ধতির বিকল্প নেই। বায়োমেট্রিসাইট ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মুকুল মন্ডল, ডিলার, ব্র্যাক সিড এগ্রো এন্টারপ্রাইজ। তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির সঠিক ব্যবহারই দেশের কৃষিকে আরও সমৃদ্ধ ও লাভজনক করে তুলবে। তিনি ব্র্যাক সিডের কৃষিবান্ধব কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ রেজাউল করিম, সিনিয়র টিএসও, গোবিন্দগঞ্জ এবং জান্নাতুন নাঈম সুনান, টিএসও, গাইবান্ধা। তারা মাঠ পর্যায়ে কৃষকদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, সচেতনতা ও প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের মাঝে নিরাপদ কৃষি প্রযুক্তি ব্যবহারের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
কর্মশালায় স্থানীয় কৃষক, উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, নিরাপদ কৃষি ও সুস্থ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রাণবন্ত আলোচনা, মতবিনিময় ও বাস্তবভিত্তিক উপস্থাপনায় কর্মশালাটি অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। সেই সাথে উপস্থিত ডিলার ও কৃষকদের হাতে কৃষি উপকরন তুলে দেন।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা ব্র্যাক সিডের এ ধরনের সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও কৃষকদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।