নোয়াখালী প্রতিনিধি

আইনশৃঙ্খলা সভায় কথা বলছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: বিডি প্রতিদিন

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের মেয়াদকালে দেশের প্রতিটি উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণ করা হবে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী স্রোতের বিরুদ্ধে গিয়ে আমাদের নিয়ে সাঁতার কাটতেছেন। আমরা একটি ভঙ্গুর অর্থনীতি ও ভঙ্গুর সিস্টেম পেয়েছি।’

আজ রবিবার নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, যতবার বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, প্রতিটি দুর্যোগে বিএনপি সরকার দেশকে রক্ষা করেছে। বর্তমান সংকটগুলো আগামী ২ থেকে ৪ বছরের মধ্যে কাটিয়ে দেশকে দুর্যোগ থেকে বের করে আনার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জাকারিয়া তাহের বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। জনবল সংকটের কারণে প্রশাসনের পক্ষ থেকে আন্তরিকতা থাকলেও যাতায়াতে অনেক সময় বিলম্ব হয়ে থাকে। বিগত ফ্যাসিস্ট সরকার অর্থনীতিকে পঙ্গু করে গেছে। ধীরে ধীরে সেই সংকট কাটিয়ে উঠতে হবে।

সভায় নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান, নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসুদ, জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, পুলিশ সুপার নাসির উদ্দিন, জেলা সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গণপূর্তসহ বিভিন্ন দপ্তরের নির্বাহী প্রকৌশলী, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, পিপি অ্যাডভোকেট শাহাদাত হোসেনসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।