গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধায় তরুণদের নেতৃত্বে পরিচালিত সামাজিক ও উন্নয়নমূলক সংগঠন সৃজনশীল গাইবান্ধার কার্যালয় ও চলমান বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ ইমাম হাশিম।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি সৃজনশীল গাইবান্ধার কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উচ্চমান সহকারী মোঃ শহীদুল হক খন্দকার।
পরিদর্শনকালে সৃজনশীল গাইবান্ধার চলমান বিভিন্ন কার্যক্রম সম্পর্কে কর্মকর্তাদের অবহিত করা হয়। বিশেষ করে যুব উন্নয়ন, শিক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সচেতনতামূলক উদ্যোগ, সামাজিক উন্নয়ন এবং স্বেচ্ছাসেবামূলক বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।
এ সময় তরুণদের অংশগ্রহণে স্থানীয় জনগোষ্ঠীর জন্য পরিচালিত বিভিন্ন উদ্যোগ, সংগঠনের অভিজ্ঞতা, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি মতবিনিময় অনুষ্ঠিত হয়। স্থানীয় পর্যায়ে সামাজিক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন অংশীজনের মধ্যে সমন্বয় জোরদারের বিষয়েও আলোচনা হয়।
সৃজনশীল গাইবান্ধার পক্ষ থেকে বলা হয়, স্থানীয় মানুষের প্রয়োজন ও প্রত্যাশাকে সামনে রেখে তরুণদের নেতৃত্বে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে এসব কার্যক্রম আরও বিস্তৃত করার পাশাপাশি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে এবং এ নিয়ে মতবিনিময় করেন।