কক্সবাজার প্রতিনিধি:

চকরিয়ায় বিশেষ অভিযান চালিয়ে তিনটি অবৈধ আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলিসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার বদরখালী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানানম উপজেলার বদরখালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহভাজন ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজিব ওরফে শুটার রাজিব (২৬), নমি উদ্দিন ওরফে নমি ডাকাত (৪০), জসিম উদ্দিন ওরফে জসু ডাকাত (২৬), মো. সাগর রানা ওরফে শুটার সাগর (২০) ও জহুরা বেগম (৪৫)। তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি দুইনালা রাইফেল, একটি একনালা রাইফেল, একটি শর্টগান, ৮২৫ রাউন্ড রাইফেলের গুলি, ৫৫ রাউন্ড পিস্তলের গুলি, দুটি তাজা শর্টগানের কার্তুজ, দুটি কার্তুজের খোসা, একটি ক্লিনিং রড, অস্ত্র ও গুলি তৈরির সরঞ্জাম এবং ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে ১৪ সেপ্টেম্বর দুপুরে চকরিয়া থানার কনফারেন্স রুমে প্রেস ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার আবদুল আজিজ বলেন, অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।