খুলনা সংবাদদাতা

খুলনা-মোংলা মহাসড়কে বাগেরহাটের চুলকাঠি এলাকায় ট্রাকের সাথে ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

বুধবার (২০ মে) সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের চুলকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাটাখালী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাফর আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনাস্থলেই নিহত মোটরসাইকেল চালক আব্দুল কাদের (৩৫) লকপুর এলাকার বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় অপর দুই যাত্রীকে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহত দুই যাত্রীর নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে খুলনা-মোংলা মহাসড়ক দিয়ে যাত্রী নিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি ট্রাকের নিচে চাপা পড়ে এবং ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।