তানিয়া ইসলাম
টাঙ্গাইল সদর আসনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সুন্দর ভবিষ্যৎ গড়তে হলে মাদক থেকে দূরে থাকতে হবে। ফেসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইনে অতিরিক্ত সময় না দিয়ে লেখাপড়ায় মনোযোগী হতে হবে। অনেক শিক্ষার্থী মোবাইল ফোনে গেমে আসক্ত হয়ে নিজের ভবিষ্যৎ নষ্ট করছে। তাই মোবাইল ও গেমের আসক্তি থেকে বেরিয়ে এসে জীবনের লক্ষ্য নির্ধারণ করে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মুহাম্মাদ শামসুল আলম সরকার বলেন, ভবিষ্যতে ভালো কিছু করতে হলে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে। মাদক থেকে বিরত থাকতে হবে এবং নিজেদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে এখন থেকেই সঠিক পথে চলতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জনপ্রিয় অনলাইন শিক্ষক ও ফাহাদ’স টিউটোরিয়ালের প্রতিষ্ঠাতা মো. ফাহাদ হোসেন। তিনি শিক্ষার্থীদের একাডেমিক প্রস্তুতি, লক্ষ্য নির্ধারণ ও ভবিষ্যৎ ক্যারিয়ার সম্পর্কে দিকনির্দেশনা দেন।
মো. ফাহাদ হোসেন বলেন, জীবনে ভালো কিছু করতে হলে নিজেদের লক্ষ্য চিহ্নিত করতে হবে। কে কী হতে চায়, সেই লক্ষ্য ঠিক করে সে অনুযায়ী প্রস্তুতি নিতে হবে। তিনি শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার পাশাপাশি মিথ্যা কথা না বলার আহ্বান জানান। নিজের সঙ্গে এবং বড়দের সঙ্গে কখনো মিথ্যা না বললে জীবনে সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইইই বিভাগের শিক্ষার্থী মেফতাউল আলম সিয়াম, যিনি ২০২০-২১ সেশনের বুয়েট ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। মেডিকেল ভর্তি পরীক্ষায় ২০২৫-২৬ সেশনে প্রথম স্থান অধিকারী জাহাঙ্গীর আলম শান্ত, ঢাকা মেডিকেল কলেজও শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন। তারা নিজেদের সফলতার কৌশল, পড়াশোনার প্রস্তুতি ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে শিক্ষার্থীদের অনুপ্রেরণামূলক দিকনির্দেশনা দেন।
আয়োজকদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন প্রেসিডেন্সী ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব বিজনেস এডমিনিস্ট্রেশনের বিভাগীয় প্রধান প্রফেসর ড. জে আলী।
আরো উপস্থিত ছিলেন মাহমুদুল হক সানু সাবেক সদস্য সচিব জেলা বিএনপি টাঙ্গাইল।
অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি উচ্চশিক্ষা, লক্ষ্য নির্ধারণ এবং ভবিষ্যৎ ক্যারিয়ার সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।