ফারদিন আহমেদ
গফরগাঁও, ময়মনসিংহ।
ময়মনসিংহের গফরগাঁওয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের জিরো টলারেন্স নীতির ঘোষণা দেওয়া হয়েছে। উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় নেওয়া হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
আজ বুধবার (২০ মে ২০২৬) সকাল সাড়ে ১১টায় গফরগাঁও উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এন.এম. আব্দুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক নির্মূল, চোরাচালান প্রতিরোধ, ইভটিজিং বন্ধ এবং আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরাপত্তা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
“জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। ঈদকে সামনে রেখে গরু চুরি প্রতিরোধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”
এসময় বক্তারা পৌর শহরসহ বিভিন্ন হাট-বাজারের যানজট নিরসন, রাতের পুলিশি টহল বৃদ্ধি এবং কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
সভায় থানা পুলিশের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভাপতির সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসন ও সুশীল সমাজের সম্মিলিত উদ্যোগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
এদিকে, আসন্ন ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদারে প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।