মানিকগঞ্জ প্রতিনিধি
‘মাদক ছাড়ো, মাঠে চলো’—এই প্রত্যয়ে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আজিমনগর ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল। খেলাকে কেন্দ্র করে হাতিঘাটা বাজার মাঠে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। স্থানীয় ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো মাঠ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় আজিমনগরের হাতিঘাটা বাজার মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। মোজাম্মেল খান (মাসুমের) সার্বিক সহযোগিতায় আয়োজিত এ খেলাটি সঞ্চালনা করেন মুহাম্মদ সোহেল রানা। সুশৃঙ্খল ব্যবস্থাপনায় আয়োজিত ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহাম্মদ নুমান খান। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজিমনগর ইউনিয়নের কৃতী সন্তান ও সাবেক চেয়ারম্যান হাজী আলী আকবর খান।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ফারুক ওয়াদুদ খান এবং বিশিষ্ট সমাজসেবক সজিব হোসেন খান (সুরুজ)।
আয়োজকরা বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখা এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে। নিয়মিত খেলাধুলার চর্চা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে বলেও জানান তারা।