মানিকগঞ্জ প্রতিনিধি
ফসলি জমি রক্ষা এবং কৃষক পরিবারের জীবিকা ও ভবিষ্যৎ সুরক্ষার দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন করেছেন তিন গ্রামের বাসিন্দারা। রোববার (২১ সেপ্টেম্বর) ঢাকা-আরিচা মহাসড়কের তরা ব্রিজের ওপর পৌলী, চামটা ও খাগড়াকুড়ি গ্রামের সর্বস্তরের মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে কৃষক, নারী, পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে কৃষিজমি রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
বক্তারা বলেন, কৃষিজমি নষ্ট হলে শুধু কৃষকরাই ক্ষতিগ্রস্ত হবেন না, এর প্রভাব পড়বে এলাকার মানুষের জীবন-জীবিকা ও খাদ্য উৎপাদনের ওপর। কৃষিনির্ভর পরিবারগুলোর ভবিষ্যৎ বিবেচনায় নিয়ে যেকোনো মূল্যে ফসলি জমি রক্ষায় উদ্যোগ নিতে হবে।
মানববন্ধন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, তারেক রহমান সাহেব, আমাদের ফসলি জমি রক্ষা করুন, কৃষক পরিবারকে বাঁচান।
গ্রামবাসীর দাবি, ফসলি জমি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও রাজনৈতিক নেতৃত্বকে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে দাবি আদায়ে ভবিষ্যতে আরও কর্মসূচি পালনের কথাও জানান তারা।
মানববন্ধনে পৌলী, চামটা ও খাগড়াকুড়ি গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।