আন্তর্জাতিক ডেস্ক :
কাগজেকলমে ছিল রাশিয়ার পার্লামেন্টের (ফেডারেল অ্যাসেম্বলি) নিম্নকক্ষ স্টেট ডুমার নির্বাচন। কিন্তু প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে পরিণত করেছিলেন ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান নিয়ে তার সিদ্ধান্ত সম্পর্কে গণভোটে!
ফল বলছে, সাড়ে চার বছর আগে শুরু হওয়া যুদ্ধ সম্পর্কে পুতিনের অবস্থানে সায় রয়েছে রুশ আমজনতার।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ কার্যত সেই দাবি করে বলেন, ‘‘ইউক্রেন যুদ্ধের পর অনুষ্ঠিত প্রথম এই পার্লামেন্ট নির্বাচনের ফলাফল প্রমাণ করছে যে দেশের জনগণ প্রেসিডেন্ট পুতিনের নীতি ও নেতৃত্বের উপর ১০০ শতাংশ আস্থাশীল।’’
গত ১৮-২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছিল ৪৫০ আসনের ডুমার ভোট। সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে ৯৬ শতাংশ ব্যালট গণনার ফল বলছে, পুতিনের দল ইউনাইটেড রাশিয়া মোট ৩৫৫টি আসন জিতে ‘সুপার-মেজরিটি’ পেয়েছে।
তাদের প্রাপ্ত ভোটের হার প্রায় ৫৭.৮৩ শতাংশ। ২০২১ সালের নির্বাচনে ইউনাইটেড রাশিয়া পার্টি ডুমার ৩২৪টি আসনে জয়ী হয়েছিল।
এ বার তা ছাপিয়ে গিয়ে সর্বকালীন রেকর্ড গড়েছে পুতিনের দল। ১৩.৮ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সাবেক সোভিয়েত ইউনিয়নের শাসকদল কমিউনিস্ট পার্টি।
চতুর্থ স্থানে ২০২০ সালে রুশ ধনকুবের অ্যালেক্সি নেচায়েভের গড়া উদারপন্থী রাজনৈতিক দল, নিউ পিপল। তাদের ঝুলিতে প্রায় ৮ শতাংশ ভোট এবং স্টেট ডুমার ২০টি আসন।
সরাসরি ভোটে কোনও আসন না জিতলেও ‘আ জাস্ট রাশিয়া’ ৯৬ শতাংশ ভোটগণনা পর্যন্ত প্রায় ৫ শতাংশ ভোট পেয়েছে। পূর্ণাঙ্গ ভোটগণনায় ৫ শতাংশ ভোট পেলে তাদের বরাতে ডুমার প্রতিনিধিত্ব মিলবে।
প্রসঙ্গত, স্টেট ডুমার নির্বাচন সমান্তরাল বা মিশ্র ভোটদান পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। এই পদ্ধতিতে মোট ৪৫০ জন ডুমা সদস্যকে ৫ বছরের জন্য নির্বাচন করা হয়।
এর মধ্যে ২৫০ জন সরাসরি ২৫০টি আসন থেকে জিতে আসেন। বাকি অর্ধেক আসনে নির্বাচন হয় দলীয় আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে।
প্রত্যেক ভোটার দু’টি আলাদা ব্যালট পেপার পান—একটিতে প্রতিদ্বন্দ্বী নথিভুক্ত রাজনৈতিক দলগুলির নাম থাকে। অন্যটিতে থাকে, সংশ্লিষ্ট ভোটারের নাম যে নির্বাচনকেন্দ্রের ভোটার তালিকায় রয়েছে, সেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম।
আনুপাতিক প্রতিনিধিত্বের অংশে আসন পেতে হলে কোনও রাজনৈতিক দলকে অন্তত ৫ শতাংশ ভোট পেতে হয়। ইউনাইটেড রাশিয়া পার্টি ২০০১ সাল থেকে রাশিয়ার শাসকদল।
২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত এই দলের ঘোষিত সর্বেসর্বা ছিলেন পুতিন। পরে অবশ্য তিনি নেতৃত্ব থেকে সরে আসেন। খাতায়কলমে পুতিন এখন নির্দল রাজনীতিক।
কিন্তু তার সমর্থন রয়েছে ইউনাইটেড রাশিয়া পার্টির দিকেই। ঘোষিত না-হলেও এখনও তিনি এই সর্বোচ্চ নীতিনির্ধারণকারী ব্যক্তি। তাই এই দলের সাফল্য কার্যত পুতিনের রাজনৈতিক সাফল্য।