রংপুর: প্রতিনিধি

‘নারী সহিংসতা হোক অবসান, নারী পাক তার প্রাপ্য সম্মান’—এই স্লোগানকে সামনে রেখে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও যুব-নেতৃত্বাধীন অভিজ্ঞতা বিনিময় উপলক্ষে রংপুরে বিভাগীয় যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে রংপুর নগরীর দর্শনা এলাকার ব্র্যাক লার্নিং সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় সোচ্চার প্রকল্পের আওতায় পারিবারিক আয় উন্নয়ন মহিলা সংস্থার (ফিডা) আয়োজনে সমাবেশে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, লিঙ্গসমতা, সাইবার বুলিং মোকাবিলা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে যুবসমাজের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন স্থানীয় সরকার, রংপুর বিভাগের পরিচালক (যুগ্মসচিব) মো. আবু জাফর। বিশেষ আলোচক ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. শরীফুল আলম, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক জিলুফা সুলতানা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোছা. ছেলোয়ারা বেগম, রংপুরের সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. শরিফুল আলম এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান কুন্তলা চৌধুরী।

স্বাগত বক্তব্য দেন পারিবারিক আয় উন্নয়ন মহিলা সংস্থার পরিচালক জেড এফ এম ফিরোজ পাশা। সভাপতিত্ব করেন সংস্থাটির নির্বাহী পরিচালক ফিরোজা বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাসুদা ফেরদৌস নিশাত ও সাজিদ আরমান।

জাতীয় সংগীত ও পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

আলোচনায় বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক ও পারিবারিক পর্যায়েও সচেতনতা বাড়াতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে নারীর প্রতি সম্মানজনক আচরণ, সমঅধিকার প্রতিষ্ঠা এবং সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।