ময়মনসিংহপ্রতিনিধি

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতা, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা এবং বিরোধীদলের অপপ্রচার বিরুদ্ধে সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি।

বুধবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের উত্তর বাজার ধান মহালে এই সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালামের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী।

আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে জামায়াত-এনসিপি জোটের কোনো বক্তব্য বা প্রতিবাদ কর্মসূচি নেই কেন?-এই প্রশ্ন উত্থাপন করে এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিরোধীদলের উচিত জনগণের কাছে এই প্রশ্নের জবাব দেওয়া। জনমনে সন্দেহ সৃষ্টি হচ্ছে গণতন্ত্রের বিরুদ্ধে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির রাখি বন্ধনের পুনরাবৃত্তি ঘটছে কি না।

তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু দেশের শান্তি, জননিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশের প্রশ্নে কোনো দেশপ্রেমিক কোনো রাজনৈতিক দলের নীরব থাকার সুযোগ নেই। যারা নিজেদের বিরোধী শক্তি হিসেবে দাবি করেন, তাদেরও সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিতে হবে।

এ সময় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, আওয়ামী লীগ হত্যা, লুটপাট করে পালিয়ে গেছে। তারা আর ফিরে আসবে না। আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপা আপা কইয়েন না, আপা আর ফিরে আসবে না।’

তিনি বলেন, ‘একবার আপা আপনাদের বিপদে ফেলে পালিয়ে গেছে, এবার আবার বিপদে ফেলতে আপনাদের নাশকতার নির্দেশ দিচ্ছেন। এবার জনগণ আপনাদের আর ছাড়বে না।’

জনগণের প্রতি আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, নাশকতাকারীদের আর ছাড় দেয়া হবে না। জনগণকে সাথে নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র নস্যাৎ করে দেয়া হবে।

সমাবেশের পর একটি প্রতিবাদ মিছিল হালুয়াঘাট পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হালুয়াঘাট শহীদ স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। প্রতিবাদ মিছিলে সিনিয়র নেতৃবৃন্দের পাশাপাশি জেলা, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।